ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে একজন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র।
পুলিশ জানায়, সোমবার (৫;আগস্ট) রাত ২টার দিকে আখাউড়া থানার এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে এসআই আশিস সূত্রধর, এএসআই মাঈন উদ্দিন, এএসআই ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম মনিয়ন্দ এলাকায় নিয়মিত মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান চালায়।
রাত ২টা ১০ মিনিটের দিকে মনিয়ন্দ বর্ধনবাড়ি রেলক্রসিং সংলগ্ন আখাউড়া-কসবা সড়কে ১৬-১৭ জন ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কসবার আড়াইবাড়ী এলাকার আক্তার হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়।
পালিয়ে যাওয়া ডাকাতরা ঘটনাস্থলে ফেলে যায় ৩টি রামদা, একটি কিরিচ ও একটি ছুরি। এসব অস্ত্র জব্দ করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মোহাম্মদ. ছমিউদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পড়ুন : আখাউড়ায় পুলিশের সাড়াশি অভিযানে সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেফতার


