সরকারি নির্ধারিত ন্যায্যমূল্য অনুযায়ী প্রতি কেজি ৩৪ টাকা দরে ২০২৫-২৬ মৌসুমের আমন ধান সংগ্রহ কার্যক্রম আখাউড়ায় শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কৃষক হেবজু মিয়ার নিকট থেকে ধান গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানায়, চলতি মৌসুমে আখাউড়া উপজেলায় ৪১ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ চলবে ২০ নভেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। “আগে আসলে আগে সরবরাহ” নীতিতে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) তাছলিমা বেগম, গুদাম কর্মকর্তা মুহাম্মদ সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানসহ স্থানীয় সাংবাদিক ও কৃষকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, “প্রকৃত কৃষককে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতার সঙ্গে ধান সংগ্রহ করা হবে। কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন, প্রশাসন সে বিষয়ে কঠোর নজরদারিতে আছে।”
সরকারি ন্যায্যমূল্যে ধান সংগ্রহ শুরু হওয়ায় কৃষকদের মাঝে স্বস্তির সুর নেমে এসেছে। কেউ কেউ জানান, ন্যায্যমূল্য পেয়ে তাদের উৎপাদন খরচের চাপ কিছুটা কমবে এবং আগামী মৌসুমে চাষে অনুপ্রাণিত হবেন।
পড়ুন: বিএনপি-জামায়াতের বাইরে গিয়ে নতুন জোট করবে এনসিপি
আর/


