২৮/০২/২০২৬, ২১:০৩ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২১:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় বৃষ্টির অজুহাতে সবজির দাম আকাশছোঁয়া

টানা বৃষ্টির কারণে আখাউড়ায় নিত্যপ্রয়োজনীয় শাকসবজির দাম হু হু করে বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) আখাউড়া পৌরশহরের সড়কবাজার ও বড়বাজার ঘুরে দেখা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দামে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে।

আলু পাইকারিতে ২০ টাকা ও খুচরায় ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও পেঁপে কেজি প্রতি ৩০ টাকা, আমদানিকৃত কাঁচামরিচ ২৬০ টাকা এবং গাজর ১০০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৮০ -১০০ টাকা, কাকরল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, তীতকলা ১০০ টাকা, পটল ৮০ টাকা, বেগুন ৮০ টাকা এবং মুলা ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ক্রেতা কামাল হোসেন বলেন, “সপ্তাহের ব্যবধানে বাজারে সবধরনের সবজিই কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। কোনো কোনো জাতের সবজি আবার ১০০ টাকা দিয়েও এক কেজি মিলছে না। ব্যবসায়িরা দাম বাড়ার পিছনে বৃষ্টির অজুহাত দিচ্ছেন।”

আরেক ক্রেতা শোয়েব অভিযোগ করে বলেন, “ভাই সবজির বাজারে আসলে মাথা ঘুরে। ৮০ টাকার নিচে কোনো সবজিই পাওয়া যায় না। আমদানি করা সবজির পাশাপাশি মৌসুমি সবজির দামও অনেক বেশি।”

সড়কবাজারে সবজি কিনতে আসা বৃদ্ধ মঙ্গল মিয়া হতাশা প্রকাশ করে বলেন, “ভাই মাস দুয়েক আগেও ২০০ টাকার সবজি কিনলে ব্যাগ ভরে যেত। এখন ৫০০–৫৫০ টাকা দিয়েও সেই ব্যাগ ভরে না।”

বাজারের খুচরা কাঁচামাল ব্যবসায়ী বিপ্লব বনিক জানান, “বৃষ্টির কারণে বাজারে সবজির আমদানি একেবারেই কমে গেছে। বাজারে যে পরিমাণ সবজির চাহিদা আছে, সেই পরিমাণ আসছে না। তাছাড়া পাইকারি বাজারেই সবজির দাম অনেক বেশি। পচনশীল হওয়ায় অনেক সময় যে দামে কিনি, সেই দামে বিক্রি করতে হয়। তবে কয়েকদিন পর দাম কমে যাবে।”

নারায়ণ সাহা নামের আরেক কাঁচামাল ব্যবসায়ী বলেন, “বৃষ্টির কারণে সব জায়গায়ই সবজির দাম বেশি। বৃষ্টি কমে গেলে দামও কমে যাবে।”

বাজারের শাহ আলম নামের এক সবজি বিক্রেতা বলেন, “বৃষ্টির কারণে অনেক জায়গায় সবজি নষ্ট হয়ে গেছে। যেখানে সবজি পাওয়া যাচ্ছে, সেখান থেকেও কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে সবজির বাজারে এই অস্থিরতা চলছে। বৃষ্টি কমে গেলে আমদানি বাড়বে, তখন দামও কমবে।”

সড়কবাজারের কাঁচামাল আড়তদার ও আলফাজ ট্রেডার্সের ম্যানেজার জাফর মিয়া জানান, “আমাদের এখানে সবজি আসে কুমিল্লার নিমসার, ঢাকার কাওরানবাজার, নরসিংদীর বারিচা আর মাধবপুরের মনতলা থেকে। অতি বৃষ্টির কারণে ওই সব এলাকায় এবার সবজি নষ্ট হয়ে গেছে। এ কারণে পাইকারি ও খুচরা বাজারে দামে প্রভাব পড়েছে। তবে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে সবজির দাম আবার কমে আসবে।”

এ বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, “নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে জরিমানা করা হবে।”

বিজ্ঞাপন

পড়ুন: আখাউড়ায় মৎস্য সপ্তাহে ১০ কেজি পোনা অবমুক্ত, র‌্যালি ও আলোচনা সভা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন