আখাউড়ায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে একাধিক বিক্রেতা দোকান বন্ধ করে পালিয়ে যান।
সোমবার (২৩ মার্চ) আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিন উদ্দিন মাহমুদ। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য সহনীয় রাখতে এ অভিযান চালানো হয়।
অভিযানে পৌরশহরের বাইপাস মোড়ে অবৈধভাবে বেশি দামে অকটেন বিক্রির দায়ে মেসার্স নাজিম এন্টারপ্রাইজের মালিক মো. মোতালিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে দেবগ্রাম এলাকায় শেখ এন্টারপ্রাইজের মালিক শেখ মোহাম্মদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে ‘মা-বাবার দোয়া হোটেল ও রেস্তোরাঁ’-এর মালিক মো. বিল্লালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আরোপিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিন উদ্দিন মাহমুদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


