ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল, বৈচিত্র্যময় ও ব্যবসাবান্ধব করতে নতুন সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, পূর্বোত্তর ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বাড়ানোর সুযোগ রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করা এবং বাণিজ্যের পরিধি বাড়াতে কাজ করছে।
তিনি জানান, কিছুদিন কার্যক্রমে স্থবিরতা থাকলেও বর্তমানে বন্দরের অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত পণ্য খালাস, আমদানিতে জটিলতা কমানো এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হলে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ ট্রেন চলাচলও শুরু হবে। এ বিষয়ে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে বিভাগীয় কমিশনার আখাউড়া স্থলবন্দর, কাস্টমস ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ, কাস্টমস সহকারী কমিশনার কাজী আল মাসুম, ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মো. আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিভাগীয় কমিশনার। এর আগে সকালে তিনি উপজেলা পরিষদ ও ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

