ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই পদযাত্রা কর্মসূচী করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতের মধ্যদিয়ে কর্মসূচীর শুরু হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ সড়ক এলাকা থেকে শুরু হয় পদযাত্রা।
পদযাত্রাটি টি.এ রোড, মসজিদ রোড, কুমারশীল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে এনসিপির নেতাকর্মী ছাড়াও অংশ নেয় নানা শ্রেণী পেশার সাধারণ মানুষও। পদযাত্রাটি শহর প্রদক্ষিণশেষে পৌর মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবীতে এগিয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সড়ে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া সব সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছে। কেবল জুলাই গণঅভ্যুত্থানই নয় ২০২১ সালের মোদী বিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এই জেলার মানুষ নিজের রক্ত ও জীবন দিয়েছে।
সমাবেশ শেষে পদযাত্রার গাড়ি বহর পাশ^র্বর্তী জেলা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মূখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ, এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এস.এম মহিউদ্দিন খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
পড়ুন: সীমান্তে আরও ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
দেখুন: চাঞ্চল্যকর বাস ডাকাতির মূল হোথা গ্রেপ্তার, মালামাল জব্দ
ইম/


