দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করবে চারটি শিক্ষক সংগঠনের জোট ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। নবীন শিক্ষকরাও এতে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম–শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন–লিপি) এবং সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও কয়েকটি সংগঠন এ কর্মসূচিতে যুক্ত রয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “শনিবার শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক দশম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড ও পদোন্নতির দাবিতে অবস্থান নেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”
তিনি আরও বলেন, অনেকবার আলোচনা হয়েছে, আশ্বাসও এসেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এবার আমরা রাজপথেই দাবি আদায় করে ফিরব।
দেশজুড়ে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। গত ২৪ এপ্রিল গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে, এবং সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার কথা জানানো হয়। তবে এতে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।
খায়রুন নাহার লিপি বলেন, “বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নাতক ডিগ্রি নিয়ে দশম গ্রেড পাচ্ছেন। নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তা, পুলিশ সাব–ইন্সপেক্টর ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবাই দশম গ্রেডে। অথচ স্নাতক ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে।”
তাদের তিন দফা দাবি
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ
পড়ুন: জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম
আর/


