২০/০২/২০২৬, ১৫:২৫ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৫:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আগামী বছর থেকে একক ভিসায় জিসিসিভুক্ত ছয় দেশ ভ্রমণ

দীর্ঘ পরিকল্পনার পর বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। আগামী বছর এই ভিসা চালু হবে বলে সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, চার বছর ধরে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার পর এই উদ্যোগটি অবশেষে মাইলফলকে পৌঁছেছে। তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মাঝে ভ্রমণ ও পর্যটন খাতকে সংযুক্ত করার অন্যতম বৃহৎ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে এই একক ভিসা প্রকল্পকে।

বাহরাইনের রাজধানী মানামায় গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে দেওয়া বক্তৃতায় সৌদির পর্যটনমন্ত্রী আল-খাতিব বলেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এখন পর্যটন খাতে এক ঐতিহাসিক সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে। আঞ্চলিক সমৃদ্ধ সংস্কৃতি, আধুনিক অবকাঠামো ও নিরাপদ পরিবেশের কারণে এ অগ্রযাত্রা সম্ভব হয়েছে।

তিনি বলেন, জিসিসি দেশগুলো পর্যটন খাতে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হচ্ছে; যেখানে বর্তমানে তেল ও বাণিজ্যের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্তম্ভে পরিণত হয়েছে পর্যটন খাত।

জিসিসির এই একক ভিসায় প্রবেশের অনুমতিপত্রের দাপ্তরিক নাম হবে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’। এর মাধ্যমে ভ্রমণকারীরা একবার আবেদন করেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান ভ্রমণ করতে পারবেন।

২০২৩ সালের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত জিসিসি স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সেই সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন ভিসার আদলে তৈরি যৌথ মডেল হিসেবে জিসিসি একক ভিসার পরিকল্পনা করা হয়।

জিসিসি কর্মকর্তারা বলেছেন, উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক বৈচিত্র্য পরিকল্পনার একটি মূল অংশ হবে এই ভিসা; যা এমন আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে যারা একাধিক দেশে সহজে ভ্রমণ করতে চান, কিন্তু পুনরায় কাগজপত্র, আলাদা ফি ও ভিন্ন ভিন্ন নিয়মে পড়তে চান না। প্রাথমিকভাবে এই ভিসা কেবল পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে এবং আবেদন অনলাইনে করা যাবে।

ভ্রমণকারীরা চাইলে একক দেশ বা ছয়টি দেশই বেছে নিতে পারবেন; যার মেয়াদ এক থেকে তিন মাসের মধ্যে হতে পারে। এতে খরচও পৃথক ভিসার তুলনায় কম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভিসা চালুর পর আবেদনকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদী পাসপোর্ট, আবাসনের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, ভ্রমণ বিমা ও আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ফেরার বা পরবর্তী গন্তব্যের টিকিট জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়াও সহজ হবে বলে জানিয়েছেন জিসিসি কর্মকর্তারা। তারা বলেছেন, সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে নথি আপলোড, ফি পরিশোধ এবং ই-মেইলে ডিজিটাল ভিসা গ্রহণ করা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন