আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, “রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।”
আখতার আহমেদ বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন… ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠাব, আমাদের তথ্যের জন্যে।
প্রবাসীদের ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে। কোথায় কোনটা কতদিনে, এটা কভার করতে হবে। এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব।
এদিন বিকেলে নির্বাচন কমিশনে নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “জাতীয় পার্টি ভবিষ্যতে সুষ্ঠু, নিরপেক্ষ ও সংবিধান অনুযায়ী নির্বাচন চায়।”
তিনি সুষ্ঠু ভোটের জন্য বর্তমান সরকারের ওপর আস্থার কথাও জানান। একইসঙ্গে দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন জাতীয় পার্টির এই নেতা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

