বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সবশেষ গত শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। সেই অনুযায়ী আজও (৪ নভেম্বর) সমন্বিত ওই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।
এছাড়া—
- ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা,
- ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা,
- এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
স্বর্ণের দাম বেড়ে গেলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—
- ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা,
- ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা,
- ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা,
এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
পড়ুন: চার মাসে প্রবাসী আয় ছাড়াল ১০ বিলিয়ন ডলার
আর/


