বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান মাস। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্বে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ফলে চাঁদ দেখার ওপরই নির্ভর করছে এবারের ঈদের তারিখ।
এ লক্ষ্যে বুধবার (১৮ মার্চ) মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সংশ্লিষ্টরা। এদিন চাঁদ দেখা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে।
যদি আজ সন্ধ্যায় চাঁদের দেখা মেলে, তাহলে সৌদি আরবে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং একদিন পর ঈদ উদযাপন করা হবে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। ফলে সৌদিতে ঈদের তারিখ নির্ধারণ হলে তার পরদিন বাংলাদেশে ঈদ উদযাপনের সম্ভাবনা থাকে।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির জনগণের প্রতি আহ্বান জানায়, কেউ যদি খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে শাওয়ালের চাঁদ দেখতে পান, তবে তা নিকটস্থ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে।
পড়ুন: ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও
আর/


