গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল৫টা থেকে ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ বেনিপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ পুটিখালি ক্যাম্পের সাথে সীমান্ত পিলার ৬২/৯ এস এর সন্নিকটে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্বদেন বেনিপুর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোঃ উবায়দুল্লাহ এবং বিএসএফ এর পুটিখালি কোম্পানী কমান্ডার এসি হিমাংশু সরমা।
বর্ণিত পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ হতে জানানো হয় যে, ১৯ মার্চ আনুমানিক রাত ১১ টায় দুইজন বাংলাদেশী নাগরিক লিটন বৈদ্য (২৭) এবং সানজিদা আক্তার রুমি (২১) অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রচেষ্টাকালে বিএসএফ কর্তৃক আটক করা হয় এবং সুসম্পর্কের সূত্র ধরে তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিএসএফ কর্তৃক বিজিবিকে আহ্বান জানানো হয়।
বিজিবি কোম্পানী কমান্ডার আটককৃত বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এবং প্রদানকৃত মোবাইল নাম্বার যাচাই করে ৫ টা ৪৫ মিনিটে বিএসএফ এর নিকট থেকে উক্ত বাংলাদেশি নাগরিক দুজনকে গ্রহণ করেন।
পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়।
উল্লেখ্য, বর্ণিত নাগরিকদ্বয় এর মধ্যে সানজিদা আক্তার রুমিকে জাস্টিস অ্যান্ড কেয়ার এবং লিটন বৈদ্য’কে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এনএ/


