নোয়াখালীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলার স্বাক্ষী দিতে গিয়ে স্থানীয় যুবদল নেতাকর্মীদের রোষানলে পড়েছেন সুধারাম মডেল থানার সাবেক এসআই লিটন দত্ত। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই এসআইকে উদ্ধার করে।
আজ রবিবার (২৩ মার্চ) দুপুরে জেলা শহরের ম্যাজিস্ট্রেট আদালত চত্তরে এ ঘটনা ঘটে। এসময় এসআই লিটন দত্তকে ঘিরে যুবদল নেতাকর্মীরা চড়াও হতে দেখা গেছে।

নোয়াখালী শহরের যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল এবং কাদির হানিফ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এ.এইচ বাহাদুর অভিযোগ করেছেন যে, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় লিটন দত্ত সুধারাম মডেল থানার এসআই হিসেবে দায়িত্ব পালনকালে তাদের এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এওজবালিয়া ইউনিয়নের একটি হত্যা মামলাসহ একাধিক মামলায় তাদের নাম না থাকা সত্ত্বেও অজ্ঞাত আসামি হিসেবে দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়।

ভুক্তভোগী নেতারা আরও জানান, লিটন দত্ত তাদের কাছ থেকে অর্থ নেওয়ার পরও হয়রানি বন্ধ করেননি। তার ভয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। রোববার লিটন দত্ত আদালতে মিথ্যা সাক্ষ্য দিতে আসবেন এমন খবর পেয়ে যুবদল নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হন। তারা লিটন দত্তের কাছে তাদের অর্থ ফেরত এবং মিথ্যা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি তালবাহানা শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাকে সেখান থেকে নিয়ে যায়।
এনএ/


