আন্তর্জাতিক জনসেবা দিবস-২০২৫ উপলক্ষে পটুয়াখালীর আউলিয়াপুরে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (২৩ জুন) দুপুর ২টায় আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
‘তারুণ্যে আউলিয়াপুর’ স্বেচ্ছাসেবী সংগঠন ও স্টার ডায়াগনস্টিক সেন্টারের যৌথ আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদেও সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ মশিউর রহমান এবং র্যাব-৮, বরিশাল-এর প্রাক্তন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রাকিব মৃধা।
এ সময় ক্যাম্প পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন স্টার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম শাহিন, তারুণ্যে আউলিয়াপুর-এর সভাপতি এস.এম. সোহান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। চিকিৎসা ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও পরামর্শ গ্রহণ করেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন শাওন বলেন, “আন্তর্জাতিক জনসেবা দিবসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। ‘তারুণ্যে আউলিয়াপুর’ সবসময় মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ক্যাম্পের মাধ্যমে শতাধিক মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
পড়ুন : পটুয়াখালীতে বর্নিল আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন


