বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগ ব্লকেড করেছেন। ফলে শাহবাগের আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
শহীদ মিনার থেকে রওনা হওয়ার পর শাহবাগ মোড়ের আগে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দিয়েছিল পুলিশ। কিন্তু ব্যারিকেড ভেঙে শিক্ষকরা শাহবাগ মোড়ে চলে আসেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটের দিকে তারা শাহবাগে এসে অবস্থা নেন। এখন তারা সেখানে নানা দাবি-দাওয়া নিয়ে স্লোগান দিচ্ছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার কিছু আগে শাহবাগ মোড়ের দক্ষিণে জাতীয় গ্রন্থাগারের আগে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষকরা। এরপরই ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় তারা।
এর আগে, কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের প্রতি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। দুপরের পরেই তারা শাহবাগের দিকে যাচ্ছেন। হাজার হাজার শিক্ষকরা শাহবাগ অবরোধ করবেন বলে বলছেন তারা।
এসময় তারা বলতে থাকেন, আর মাত্র এক ঘণ্টা সময় বাকি আছে, আমাদের ন্যায্য দাবি মেনে নিন। তা না হলে আমরা একদফা (জাতীয়করণ) দাবিতে যাব এবং বাংলাদেশ অচল করে দেব।
সমাবেশে শিক্ষক ইসমাইল বলেন, ‘সরকারের সঙ্গে আর কোনো আপস নয়। এখন একটাই দাবি—প্রজ্ঞাপন জারি করতে হবে। অনেক সময় দিয়েছি, আর নয়। দাবি না মানলে আমরা শাহবাগ ব্লক করে রাজধানী অচল করব, দেশের সব জায়গায় শিক্ষকরা রাস্তায় নামবেন।’
আরেক শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে অনুরোধ করছি—দুপুর ১২টার মধ্যে দাবি মেনে নিন। তা না হলে শাহবাগ ব্লক করা হবে। এরপরও দাবি না মানলে জাতীয়করণের দাবিতে সারা দেশের শিক্ষকরা মাঠে নামবেন।’
উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে রাজধানীতে আন্দোলন করে যাচ্ছেন।
পড়ুন : শাহবাগে অবরোধের প্রস্তুতি, শহীদ মিনারে বিপুলসংখ্যক শিক্ষকের অবস্থান


