আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬।
রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পাকিস্তান সীমান্তের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, পূর্ব আফগানিস্তানে পাকিস্তান সীমান্তের কাছে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১৫ জনের বেশি, যাদের নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পে কেঁপে ওঠে আফগান রাজধানী কাবুলও, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়।
পড়ুন: দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার ভূমিকম্প
এস/


