জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, গতানুগতিক ধারায় বিগত সময়ে কথা দিয়ে কথা রাখেনি তাদের মতো হবো না। আমরা ইতিপূর্বেও আমাদের কথা রেখেছি, আমরা রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি। সামনের দিনেও তা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
বুধবার নির্বাচনি পথযাত্রা ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্ত মঞ্চে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, এবার আরেকটি ব্যালটেও ভোট হবে। সেটা হচ্ছে গণভোট। আমরা মনে করি, এবারের মতো ভবিষ্যতেও যদি আপনারা ভোট দিতে চান,বিগত তিনটি নির্বাচনের মতো ভোট প্রদানে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোন স্বৈরাচার দেখতে না চান, যে আপনাদের সন্তানদের রক্ত জড়িয়েছে তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি ঘুষ ছাড়া, মামা দাদা ছাড়া চাকরি পেতে চান তাহলে হ্যাঁ ভোট দিন। যদি ব্যাংকে রাখা নিজের টাকার নিরাপত্তা চান তাহলে হ্যাঁ ভোট দিন। আদালতে ন্যায় বিচার পেতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন। যদি দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন। যদি চাঁদা না দিয়ে, নিজের কষ্টের টাকা অন্য কাউকে দিতে না চান তাহলে হ্যাঁ ভোট দিন।
তিনি বলেন, আমরা দেখছি একটি দলের নেতারা মা বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে, যদি তাদের থেকে রক্ষা পেতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যারা আমাদের মা বোনদের নিরাপত্তার জন্যে হুমকি হন এবং দুঃসাহস দেখাবে ১১দলীয় জোট বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তাদের কালো হাত গুড়িয়ে দিবে।
জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১১দল মনোনীত প্রার্থী এনসিপি মো. আতাউল্লাহ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান, জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী, এনসিপির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী ও জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
পড়ুন- চরফ্যাশনে ইসলামী আন্দোলনের অপ্রচারের প্রতিবাদ জানিয়েছে জামায়াত
দেখুন- গাড়ি থামিয়ে তারেক রহমানের সাথে কথা বলা ভাইরাল সেই কিশোরী যা বললেন


