২৭/০২/২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আমির হামজার বক্তব্যর কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

মুক্তিযুদ্ধ নিয়ে কুষ্টিয়া-৩(সদর) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বক্তব্যর কঠোর সমালোচনা করে বিবৃতি দিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি নাগরিক টেলিভিশনকে বিবৃতির সত্যতা নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) রাতে জাতীয় মুক্তি কাউন্সিলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বিবৃতি পোষ্ট করা হয়। কমরেড বদরুদ্দীন উমরের বক্তব্যকে খণ্ডিতভাবে উদ্ধৃত করে জামায়াতে ইসলামীর মুফতি আমীর হামজা রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করেছেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। এর আগে সকালে কুষ্টিয়া পেৌরসভা চত্বরে জামায়াতে ইসলামীর আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে মুফতি আমীর হামজা সাংবাদিকদের বক্তব্য দেন। বিবৃতিতে বলা হয়েছে সেখানে তিনি বলেন, ‘’বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা, আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লেখা- এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াত ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এখন আমরা এটা জেনেছি। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি ’’ এই বক্তব্যের কঠোর সমালোচনা করে ফয়জুল হাকিম বলেছেন , ‘১৯৭১ সালে জেনারেল ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন সামরিক শাসনের অধীনস্থ মালেক মন্ত্রীসভার অন্যতম সদস্য ছিল জামায়েতে ইসলামী। এ সময় জামায়াতে ইসলামীর ভূমিকা ছিল পাকিস্তানি হানাদার সেনাবাহিনী কর্তৃক বাঙালি নিধন ও গণহত্যার প্রধান সহযোগী হওয়া। সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সশস্ত্র ভূমিকায় অবতীর্ণ হওয়া। অন্যদিকে ১৯৭১-এ পাকিস্তানি হানাদার সেনাবাহিনী ও তার এদেশীয় সহযোগী রাজাকার-আলবদর-আল শামসের বিরুদ্ধে দেশের ভিতরে সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম ও জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পূর্ব বাঙলার মুক্তিকামী জনগণ, ইস্টবেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সেনা অফিসার ও সৈনিকেরা, আওয়ামী লীগ, কমিউনিস্ট বিপ্লবী বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রুপের সদস্য -সমর্থকেরা । বিবৃতিতে তিনি বলেন, ২০২৪-এ জুলাইয়ের গণঅভ্যুত্থান শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করেছে। একই সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মিথ্যা বয়ান উচ্ছেদ হতে চলেছে। এই সুযোগে জামায়াতে ইসলামী দেশের নতুন প্রজন্মের কাছে নিজেদের অতীত গণবিরোধী ও প্রতিক্রিয়াশীল ভূমিকা, বিশেষত ১৯৭১ এর গণহত্যায় সহযোগী ভূমিকাকে আড়াল করতে মাঠে নেমেছে। বিবৃতিতে ফয়জুল হাকিম বলেন, ১৯৭১ মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা, গোপন বিপ্লবী ও সংসদীয় কমিউনিস্ট পার্টিসমূহের ভূমিকা, তৎকালীন চীনা কমিউনিস্ট পার্টির ভূমিকা প্রভৃতি নিয়ে কমিউনিস্ট বিপ্লবী ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর ব্যাখা বিশ্লেষণের মাধ্যমে সমালোচনা করেছেন। সাম্প্রতিককালে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের উদ্যোগে রচিত “ইতিহাস” সম্পর্কে কঠোর সমালোচনা করে উমর বলেছেন যে এর নব্বই ভাগই মিথ্যা। বিবৃতিতে তিনি বলেন, কমরেড বদরুদ্দীন উমরের এই বক্তব্যকে খণ্ডিতভাবে উদ্ধৃত করে জামায়াতে ইসলামীর মুফতি আমীর হামজা যে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করেছেন তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। জনগণকে ইতিহাস ভুলে যাবার কথা বলে মুফতি আমীর হামজা মূলতঃ জামায়াতে ইসলামীর অতীত গণবিরোধী ভূমিকা জনগণের কাছে আড়াল করতে চাইছেন। এ হচ্ছে প্রকৃতই অসৎ ও মিথ্যাবাদী লোকের বৈশিষ্ট্য। এ বিষয়ে জানার জন্য মুফতি আমীর হামজার মুঠােফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

পড়ুন: শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

দেখুন: গাজীপুরে বিয়ে বাড়িতে পুলিশের সাথে হুলুস্থুল কাণ্ড!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন