কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,আমি ঘন ঘন মত পথ বদল করি না। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি ক্ষমতায় আসলে জাতির পিতা জিয়াউর রহমান আমি এরকম চিন্তা করি না।
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সখীপুরে কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি যেমন বঙ্গবন্ধুর অবদান সমস্ত অন্তর দিয়ে স্বীকার করি ঠিক তেমনি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের যে অবদান সেটাকেও আমি ওইভাবেই স্বীকার করি।তাই কি বাদ দেওয়া হলো আর কি রাখা হলো এটা বড় কথা না।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হয়েছেন। এই দিবসটি পালন করলেও তা যেমন হবে এটা পালন না করলেও তেমনি। এটা যদি বাংলার মানুষের অন্তরে থাকে সেটাই হবে সার্থকতা। তবে ৭ই মার্চের ভাষণ এটা স্থগিত করা বুদ্ধিমানের কাজ না। বাঙালির জন্যে বাঙালির ঐতিহ্য এতে ভুলণ্ঠিত হবে।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের হট্টগোল প্রসঙ্গে প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন,গণতন্ত্র থাকলে হট্টগোল থাকবে।
আসলে বর্তমান সরকার ঠিক কাজ করেছেন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যে তারেক রহমানের এটা হচ্ছে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সরকার লিখে দেয়। যা লিখে দেয় তাই রাষ্ট্রপতিকে পড়তে হয়। এবং এ রাষ্ট্রপতিও তাই পড়েছেন। উনি কোন ভুল ভ্রান্তি করেন নাই। যেভাবে দিয়েছেন সেভাবে করে দিয়েছেন। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি থাকে কিনা। সেখানে দেশের মানুষের সম্মান থাকে কিনা। দেশের মানুষের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব পায় কিনা। এছাড়া অন্য কিছু চাই না।
এসময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতালীগের টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছবুর খান,সাবেক সভাপতি আব্দুল হালিম সরকার লাল, সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস শিকদার, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর, পৌর সভাপতি আবু জাহিদ রিপন প্রমুখ।
পড়ুন- আসিফ-হান্নান মাসউদসহ জুলাই যোদ্ধাদের পুলিশ হত্যা মামলার আবেদন, অতঃপর…
দেখুন- আওয়ামী লীগের কড়া সমালোচনা করলেন রাষ্ট্রপতি, তবু বিরোধিতা কেন?


