ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৮ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নীতিগত অনুমোদন দেয়া হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোতে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়।
প্রথম প্রস্তাবে ইয়ার এনার্জি এজির কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির নীতিগত অনুমোদন চাওয়া হয়।
দ্বিতীয় প্রস্তাবে কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ১০-৫০ পিপিএম ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়। তৃতীয় প্রস্তাবে সিকদার ইন্টারন্যাশনালের কাছ থেকে আরও ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়।
তিনটি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উপস্থাপন করা হয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এগুলো নীতিগতভাবে অনুমোদন করে।
এর আগে গত শনিবারও সরকারি ছুটির দিনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছিল।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

