সংযুক্ত আরব আমিরাতের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি ও জ্বালানি কেন্দ্র ফুজাইরাহ শিল্পাঞ্চলে ইরানের ড্রোন হামলার পর আগুন লেগেছে। এতে দেশটির আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েক ঘণ্টা পরে আকাশপথ স্বাভাবিক হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ মার্চ) আমিরাতের সরকারি গণমাধ্যম দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। ঘটনাস্থলটি দুবাই থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) পূর্বে ওমান উপসাগরে অবস্থিত।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে ইরান পারস্য উপসাগরজুড়ে বিভিন্ন জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের রুওয়াইস তেল শোধনাগারের শিল্প এলাকায় ড্রোন হামলায় আগুন লাগে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
হরমুজ প্রণালির বাইরে অবস্থিত ফুজাইরাহ বন্দর প্রধান অপরিশোধিত তেল রপ্তানি ও জ্বালানি কেন্দ্র। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই বন্দরের গুরুত্ব আরও বেড়ে গেছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে কেবল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব হরমুজ না হয়েও তেল রপ্তানি করতে পারে। সৌদি আরব এরই মধ্যে লোহিত সাগর উপকূল দিয়ে তেলের চালান বাড়ানোর চেষ্টা করছে।
পড়ুন: ঈদের ৭ দিনের ছুটি শুরু, নাড়ির টানে ঘরমুখো মানুষ
আর/


