আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে প্রস্তুত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তি পাচ্ছে তার বলিউডের প্রথম প্রজেক্ট অর্থাৎ ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ; অবশেষে জানা গেল বহুল প্রতীক্ষিত এই সিরিজটির মুক্তির তারিখ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আরিফিন শুভ তার ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি পোস্টার শেয়ার করেন। জমকালো সেই পোস্টারেই উঠে এসেছে সিরিজটি মুক্তির চূড়ান্ত তারিখ। পোস্টারের নিচের অংশে স্পষ্ট করে লেখা রয়েছে, আগামী ১৯ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’ (Sony LIV)-এ স্ট্রিমিং হবে সিরিজটি।
প্রকাশিত পোস্টারটিও যেন সত্তর দশকের এক জীবন্ত প্রতিচ্ছবি। পোস্টারের ঠিক মাঝখানে স্পটলাইটে দাঁড়িয়ে আছেন আরিফিন শুভ। পরনে সাদা টাক্সিডো, কালো বো-টাই আর ট্রাউজার। তার সামনে একটি মাইক্রোফোন ও পিয়ানো, যা ইঙ্গিত দেয় তার চরিত্রটি সংগীতের সঙ্গে যুক্ত। তার ঠিক পেছনেই গ্ল্যামারাস লুকে পিয়ানোতে মগ্ন এক নারী।
পোস্টারের আবহজুড়ে রয়েছে রহস্য আর বারুদের গন্ধ। একদিকে স্যাক্সোফোন ও ট্রাম্পেট হাতে বাদক দল, অন্যদিকে ধ্বংসস্তূপ আর বন্দুকধারী পুলিশ; সব মিলিয়ে প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের গল্প বলছে এই পোস্টার।
এর আগে প্রকাশ হওয়া টিজারে শুভকে দেখা গেছে ‘জিমি রায়’ চরিত্রে। সত্তর দশকের সেই চনমনে ও বর্ণিল আবহ তিনি নিজের মধ্যে পুরোপুরি ধারণ করে নিয়েছেন। কখনও ধূসর রঙের কাট স্যুটে আভিজাত্য, কখনও বা সেই সময়ের জনপ্রিয় রেট্রো হেয়ারস্টাইলে ‘রাফ অ্যান্ড টাফ’ লুক। মুখে সিগারেট নিয়ে হাঁটা কিংবা ফ্লোরে নাচ; সব মিলিয়ে বলিউডের মাটিতে নিজের শক্ত অবস্থান জানান দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শুভ।
টিজারটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। ভক্তদের মতে, আরিফিন শুভ বলিউডে বড় ধরনের ঝড় তুলতে যাচ্ছেন। ভারতীয় নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজে শুভর বিপরীতে রসায়ন জমাবেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এছাড়া কলকাতা ও হিন্দি সিনেমার একঝাঁক তারকাকে দেখা যাবে এতে; এখন শুধু অপেক্ষা ১৯ মার্চের।
পড়ুন:মেয়ে রাশাকে নিয়ে বিতর্ক, স্পষ্ট অবস্থানে রাভিনা
দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ |
ইমি/


