জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে খুলনা বিভাগের ১০ জেলায় চলছে ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি’। এর অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান লিমন। তিনি বলেন, “আজকের কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু বৃক্ষ বিতরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, টেকসই ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার সভাপতি শাহরিয়ার হোসেন জয়, সাধারণ সম্পাদক মো. ঈশান বাবু, যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা বিভাগের ১০ জেলায় প্রায় ১০ হাজার বৃক্ষ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করাই সংগঠনের মূল লক্ষ্য।
পড়ুন : চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর ঘটনায় এ্যালকো ফারুকসহ দুইজন গ্রেফতার


