জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যপণ্য ও ওষুধের দোকানগুলো পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার এবং মেসার্স সোহাগ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মেয়াদোত্তীর্ণ ও সর্বোচ্চ খুচরা মূল্যবিহীন ওষুধ বিক্রির দায়ে ৩৭ ও ৫১ ধারায় মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সমস্যার সমাধান করে সঠিকভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বাজারের অন্যান্য ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্যপণ্যের দোকানও তদারকি করা হয়। হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রিসহ মানহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য দোকানিদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
পড়ুন: কুষ্টিয়ায় বিএনপি কর্মী হত্যা ঘটনায় আরেক কর্মী আটক
দেখুন: হ*ত্যা মামলার বাদী জানেন না আসামি কে!
ইম/


