ঢাকার আশুলিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে আশুলিয়ার বেলমা ও কুটুরিয়া এলাকায় পৃথক সময়ে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বেলমা এলাকায় এবং ১০টা ৪৫ মিনিটে কুটুরিয়া এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়া থানার দূর্গাপুর এলাকার মৃত সাহাজুদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হাবু (৫০) এবং ধামরাই থানার শিকিপাল্লী এলাকার আলী হোসেনের ছেলে আতাউর রহমান আতা ওরফে শাহীন (৫২)।
ডিবি সূত্রে জানা যায়, বেলমা এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদ (আনুমানিক মূল্য ২০ হাজার টাকা)সহ আতাউর রহমানকে আটক করা হয়। অপরদিকে কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা)সহ হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আতাউর রহমানের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি জিআর ওয়ারেন্ট রয়েছে। এছাড়া হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


