কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি সরকারি আশ্রয়ন কেন্দ্রে নিয়মিত বহিরাগতদের মাধ্যমে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। গৃহহীন ও অসহায় মানুষের জন্য নির্মিত এই কেন্দ্রটি রাত হলেই অবৈধ কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, উপজেলার ,আগানগর ইউনিয়নের নবীপুর আশ্রয়ন কেন্দ্রে প্রতিদিন সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে বহিরাগতদের আনাগোনা। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বসে তাসের আসর, চলে টাকার লেনদেন ও উচ্চ শব্দে আড্ডা। ফলে কেন্দ্রটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর পরিস্থিতি বদলে যায়। বাইরের লোকজন এসে জড়ো হয় এবং গভীর রাত পর্যন্ত জুয়া খেলে। এতে আমরা অস্বস্তি ও ভয়ের মধ্যে থাকি।”
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এতে করে আশ্রয়ন কেন্দ্রের প্রকৃত সুবিধাভোগীরাও পড়ছেন বিব্রতকর অবস্থায়।
এদিকে সচেতন মহল বলছে, আশ্রয়ন প্রকল্পের মূল লক্ষ্যই ছিল গৃহহীনদের নিরাপদ ও স্থায়ী আবাসন নিশ্চিত করা। সেখানে যদি এ ধরনের অবৈধ কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সামাজিক অবক্ষয়ের ঝুঁকিও বাড়বে।
এ বিষয়ে আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির জানান, অভিযোগটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসী দ্রুত অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
পড়ুন- ইরানের গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দিলো মার্কিন বাহিনী, নিহত ৮
দেখুন- ভৈরবের নবীপুরে আশ্রয়ন কেন্দ্রে জুয়া-মাদক, নিরাপত্তা ঝুঁকিতে স্থানীয়রা


