আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৩১ আগস্ট) উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে একথা বলেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
৩১ আগস্ট যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া ৪টায় দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান।
জানা যায়, বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলার অবনতি, নির্বাচনসহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।
পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন জামায়াতের প্রতিনিধি দল


