ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন শুভমান গিল। দেশটিতে ৯৩ বছর ধরে সাদা পোশাকের সিরিজ খেললেও এর আগে এমন কীর্তি গড়তে পারেননি আর কোনো ভারতীয় অধিনায়ক।
বার্মিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার (২ জুলাই) দ্বিতীয় দিনের মতো ব্যাট করছে ভারত। আগের দিন ১১৪ রানে অপরাজিত থাকা গিল এদিন মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১৬৮ রান করেন। বিরতি থেকে ফিরে এসে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। একইসঙ্গে নাম লেখান রেকর্ডেও।
৩১১ বলে ২১ চার ও ২ ছয়ে ২০০ রান করেন গিল। তাতে প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে টেস্টে ডাবল হান্ড্রেড করেন ভারতের এই ব্যাটার। শুধু তাই নয়, সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) কন্ডিশনেও ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক তিনি।
সকালের সেশনে ইংল্যান্ডে ২৩ বছরে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দেড়শর বেশি রান করেন গিল। সবশেষ যে কীর্তি গড়েন রাহুল দ্রাবিড়, ২০০২ সালে ওভালে করেছিলেন ২১৭ রান। তারপর দেশটিতে ভারতীয় অধিনায়কদের সর্বোচ্চ রানের তালিকায় ১৯৯০ সালে করা মোহাম্মদ আজহারউদ্দিনের ১৭৯ রান পেছনে ফেলে শীর্ষে ওঠেন।
ইংল্যান্ডে সর্বোচ্চ টেস্ট রান করা ভারতীয়দের তালিকাতেও সবার উপরে অবস্থান নিয়েছেন গিল। ১৯৭৯ সালে দ্য ওভালে সুনীল গাভাস্কারের ২২১ রান এতদিন ছিল শীর্ষে। এজবাস্টনে বৃহস্পতিবার ১২৫তম ওভারে চার মেরে তাকে পেছনে ফেলেন গিল।
পড়ুন : দুর্ঘটনা সত্ত্বেও পান্তের ‘সামারসল্ট’ উদযাপন, যা বললেন চিকিৎসক


