ইতালির রাজধানী রোমে পারিবারিক সহিংসতার এক ঘটনায় এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি রোমের একটি আবাসিক এলাকায় ঘটে। পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পরপরই কারাবিনিয়েরি ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাংলাদেশীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, ব্যক্তিগত বিরোধ বা পারিবারিক দ্বন্দ্বের সমাধান কখনোই সহিংসতার মাধ্যমে হতে পারে না। একই সঙ্গে তারা প্রবাসীদের আইন মেনে চলা এবং শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান।
উল্লেখ্য, ইতালিতে পারিবারিক সহিংসতার ঘটনায় শাস্তি অত্যন্ত কঠোর। আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের বিধান রয়েছে।
পড়ুন : নির্বাচনী প্রচারণায় নীতির পরিবর্তনের আহ্বান হাত পাখার প্রার্থী’র


