প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধস বাংলাদেশ শিবিরে। শান্ত বাহিনী কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষ করলো ইনিংস হারের শঙ্কা নিয়ে।
শুক্রবার (২৭ জুন) দিনের খেলা শেষ হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে লাল সবুজরা। প্রথম ইনিংসে শান্তদের ২৪৭ রানের জবাবে ৪৫৮ রান করেছিল শ্রীলঙ্কা। ইনিংস ব্যবধানে হার এড়াতে আরও ৯৬ রান করতে হবে বাংলাদেশকে।
কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থতার পর বোলিংয়েও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। গতকাল হতাশার দিন কাটানোর পর আজ সকালে নাহিদ রানা-তাইজুলের জোড়া আঘাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল সফরকারীরা।
শেষ পর্যন্ত ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসেই ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কাকে আবার ব্যাটিংয়ে নামাতে ২১১ রান করে টার্গেট দিতে হবে বাংলাদেশের। সেখানে আরও ৯৬ রান করতে হবে। তারপর টার্গেটের কথা ভাবতে হবে।
লঙ্কান ব্যাটারদের দাপটের মিছিলে পাঁচ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারে ১৭তম বার ফাইফারের কীর্তি গড়লেন টাইগার এই স্পিনার।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষ করেছিল ২ উইকেটে ২৯০ রানে। ৮ উইকেট হাতে নিয়ে ৪৩ রানে এগিয়ে ছিল লঙ্কানরা। নিশাঙ্কা ১৪৬ রানে ও প্রবাথ জয়সুরিয়া ৫ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন দেড়শ রান তুলে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামের শিকার হন নিশাঙ্কা। ১৯ চারে ২৫৪ বলে ১৫৮ রান করেন তিনি। নিশাঙ্কার পর লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে ৭ রানে থামিয়ে দেন তাইজুল।
তাইজুলের জোড়া আঘাতের পর উইকেট শিকারের তালিকায় নাম লেখান পেসার নাহিদ রানা। নাইটওয়াচম্যান জয়সুরিয়াকে ১০ রানে ফিরিয়ে দেন তিনি। ৩৩৫ রানে পঞ্চম উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। ৪৯ রান যোগ করেন দুজনে মিলে। ৩৩ রান করা কামিন্দুকে শিকার বানান স্পিনার নাইম হাসান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

