১৬/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইন্দুরকানী উপজেলায় ধানের শীষের জনসভা গণজোয়ারে পরিণত

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের ডাকে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী জনসভা পরিণত হয় এক অভূতপূর্ব গণজোয়ারে। মানুষের ঢল, স্লোগানের প্রতিধ্বনি ও উচ্ছ্বসিত অংশগ্রহণে পুরো এলাকা রূপ নেয় বিএনপির শক্তি ও জনসমর্থনের স্পষ্ট প্রদর্শনীতে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় পিরোজপুর-১ আসনের ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়। মাঠ ছাপিয়ে আশপাশের সড়ক ও খোলা প্রান্তরেও অবস্থান নেয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান সিরিন। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।

ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, “এই গণজোয়ার প্রমাণ করে ইন্দুরকানীর মানুষ পরিবর্তনের পক্ষে। আপনাদের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে ইন্দুরকানীকে তার ঐতিহাসিক নাম ‘জিয়ানগর’ হিসেবে পুনঃনামকরণ করা হবে। চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “গরিব ও মেহনতী মানুষের ঘাম ঝরানো উপার্জন আর কোনো লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে না। ইন্দুরকানীর স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনা হবে।”

বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি কৃষকদের সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ প্রদান করে কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগীর, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ করিম ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জনসভা শেষে নেতাকর্মীদের কণ্ঠে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ইন্দুরকানী উপজেলা, যা আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

পড়ুন : ইন্দুরকানীতে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন