পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় সন্ত্রাসী হামলায় বিএনপির সাবেক আহ্বায়কসহ দুইজন গুরুতর জখম হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি ২০২৬) সদর উপজেলার মল্লিক বাড়ি এলাকায় হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাকরিম মোল্লা নামে এক যুবককে এলাকাবাসী আটক করে। উত্তেজিত জনতা তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
এর আগে, গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


