কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অনেকেই দাবি করেছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যু হয়েছে। কিন্তু পাকিস্তানের সংবাদমাধ্যমে এখনো এই ‘গুজব’-এর সত্যতা মেলেনি।
এদিকে ইমরানের মৃত্যুর গুজবে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে হট্টগোল তৈরি হয়েছে। সেখানে তার সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
এর আগে চলতি বছরের মে মাসেও ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু পোস্টে দাবি করা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (২৬ নভেম্বর) ইমরান খানের সঙ্গে দেখা করতে চেয়ে উল্টো নিরাপত্তা বাহিনীর রোষানলে পড়েছেন তার তিন বোন নোরিন খান, আলিমা খান ও উজমা খান। ‘নিরাপত্তা ঝুঁকির’ কারণ দেখিয়ে তাদের ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।
কারাগারের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হয়েছে দাবি করে ইমরানের বোন নোরিন বলেছেন, ‘আমার বয়স ৭১। তারা আমার চুল ধরে সড়কে টানা-হেঁচড়া করেছে। আমাকে মাটিতে আছড়ে ফেলে দিয়েছে।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে বেশকিছু মামলা হয়েছে। এর মধ্যে দুয়েকটিতে সাজাও হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
পড়ুন : ১২ হাজার বছর পর ভয়াবহ অগ্ন্যুৎপাত, ছেয়ে গেছে ভারত-পাকিস্তানের আকাশ


