বিজ্ঞাপন

ইরানে হামলা স্থল অভিযানের দিকে ঝুঁকছেন ট্রাম্প, পাল্টাপাল্টি প্রস্তুতি

যুদ্ধ বন্ধে ১৫টি কঠোর শর্ত পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠানোর মধ্যেই যুক্তরাষ্ট্র দ্রুততার সঙ্গে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে। চলতি সপ্তাহে তিন হাজার প্যারাট্রুপার পাঠানোর অনুমোদন দেওয়ার পর এবার ১০ হাজার স্থলসেনা মোতায়েনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। সম্ভাব্য আগ্রাসন মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইরানও। তারা দেশজুড়ে ১০ লাখের বেশি সেনা মোতায়েন করেছে।
এ অবস্থায় হামলা পাল্টা-হামলা চললেও ইরানের জ্বালানি স্থাপনায় ১০ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর ইতিবাচক প্রভাব বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে দেখা যায়নি। গতকাল শুক্রবার আগের দিনের চেয়ে বেড়ে অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেল ১১১ ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছে। 

বিজ্ঞাপন

ইরানের সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরানে সেনা মোতায়েন করা হয়েছে। ইরানের দক্ষিণ সীমান্তে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের শঙ্কার মধ্যে এ প্রস্তুতির বিষয়টি সামনে এলো। ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত খার্গ দ্বীপ যুক্তরাষ্ট্র দখল নেওয়ার পাঁয়তারা করছে– এমন গুঞ্জনের মধ্যে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, ইরান নতুন করে বিপুল সংখ্যক সেনাসদস্য নিয়োগ দিচ্ছে। দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার দ্য নিউ আরব অনলাইন জানায়, দেশের প্রতিরক্ষায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ এগিয়ে আসছেন। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান জনগণের মধ্যে ‘উচ্ছ্বাসের ঢেউ’ জাগিয়ে তুলেছে, যা তাদের ভাষায় ‘মার্কিন বাহিনীর জন্য এক ঐতিহাসিক নরক’ তৈরি করবে। গত বৃহস্পতিবার তাসনিম নিউজ এজেন্সি জানায়, গত কয়েক দিনে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিতে যোগদানের জন্য তরুণ ইরানিদের কাছ থেকে ‘বিপুল সংখ্যক’ আবেদন এসেছে।
ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘স্থলযুদ্ধ শত্রুর জন্য আরও বিপজ্জনক ও ব্যয়বহুল হবে। সীমান্তে শত্রুর সব গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’ 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর কথা বিবেচনা করছে। তারা ইতোমধ্যে অঞ্চলটিতে থাকা মার্কিন সেনাদের সঙ্গে যোগ দেবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই সেনাদের ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপের নাগালের মধ্যে মোতায়েন করা হতে পারে।
পাকিস্তানে মধ্যস্থতায় আলোচনার মধ্যেই দুপক্ষ স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘আলোচনা চলছে। ভুয়া সংবাদমাধ্যম ও অন্যদের বিপরীতমুখী ভ্রান্ত বিবৃতি সত্ত্বেও আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে।’

ইরান শুধু মিত্রই নয়, কৌশলগত অংশীদার– বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের মূলে রয়েছে আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকার ও মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার আকাঙ্ক্ষা। গত বৃহস্পতিবার প্রকাশিত ফ্রান্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘ইরানকে রক্ষা করার চেয়েও আমাদের মূল লক্ষ্য আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা। ইরান শুধু আমাদের মিত্রই নয়, বরং কৌশলগত অংশীদার।’ ল্যাভরভ বলেন, গত ২০ বছরে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় প্রতিটি মার্কিন সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করেছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ক্ষেত্রেও এখন একই ঘটনা ঘটছে।

তিনি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক কপটতার জন্যও অভিযুক্ত করেন এবং স্মরণ করিয়ে দেন– ওয়াশিংটন পরপর দ্বিতীয়বারের মতো তেহরানের সঙ্গে ‘আলোচনার চূড়ান্ত পর্যায়ে’ হামলা চালিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন মার্কিন কর্মকর্তারা ‘ঔদ্ধত্য ও গর্বের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতাকে ঠান্ডা মাথায় হত্যার দম্ভ প্রকাশ করেন, তখন এটিকে ধূর্ত আচরণ ছাড়া আর কিছুই ভাবা যায় না।’

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা ছাড়তে বলল ইরানের বিপ্লবী গার্ড
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাদের ওপর হামলা চালানো আইআরজিসির ‘পবিত্র দায়িত্ব’। এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ‘আমরা আপনাদের পরামর্শ দিচ্ছি– যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।’

ট্রাম্পের হামলা পেছানোর ঘোষণায়ও থামেনি তেলের দামের ঊর্ধ্বগতি
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা পেছানোর ঘোষণা দিলেও এর ইতিবাচক প্রভাব পড়েনি আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সাম্প্রতিক অতীতে এ ধরনের ঘোষণায় জ্বালানি দামে পতন দেখা গেলেও এখন আর এমনটা হচ্ছে না। গতকাল শুক্রবার সিএনবিসি অনলাইন জানায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার ২ দশমিক ৮২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাম ১১১ দশমিক ০৬ ডলারে পৌঁছেছে।
এর আগে যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দেন ট্রাম্প। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে’ দেশটির জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলোচনা চলছে। 

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সৌদি আরবে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, সৌদির পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে এ ড্রোন হামলা হয়েছে।

যুদ্ধে সেনা সংকট, মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
ইরান ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলের বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ‘ভেঙে’ পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গত বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ১০টি লাল পতাকা তুলছি। সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযানও চালাতে অক্ষম হয়ে পড়বে।’ তিনি সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন, সাবেক সেনাদের দায়িত্বে ফেরানো-সংক্রান্ত আইন ও সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো-সংক্রান্ত আইনের প্রয়োজন বলেও বর্ণনা করেন।

ইউক্রেনের জন্য রাখা অস্ত্র মধ্যপ্রাচ্যে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের সরবরাহ। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সরবরাহের জন্য রাখা কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অর্থায়নে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র অন্যত্র (মধ্যপ্রাচ্য) ব্যবহার করা হতে পারে। এতে করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সমস্যা দেখা দিতে পারে। ওয়াশিংটন এমন পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও দেশটির মিত্রদের লড়াই চালিয়ে যেতে এবং জয় পেতে যা যা দরকার, তা নিশ্চিত করবে পেন্টাগন।

ইসরায়েলের সামরিক জাহাজ ও জ্বালানি ট্যাঙ্কে হামলার দাবি ইরানের
ইসরায়েলের বিভিন্ন সামরিক জাহাজ ও যুদ্ধবিমানের জ্বালানির ট্যাঙ্কে হামলা চালিয়েছে ইরান। আলজাজিরা জানায়, গত বৃহস্পতিবার পূর্ব ভূমধ্যসাগরে জাহাজ ও ইসরায়েলের হাইফা বন্দরে তেলের ট্যাঙ্কে হামলা হয়। 
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে গতকাল এক দিনে ২৬১ জন আহত হয়েছেন। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত পাঁচ হাজার ৪৯২ জন আহত হয়েছেন; ১১৬ জন চিকিৎসাধীন।

মার্কিন মিত্রদের বন্দর ব্যবহার করলেও হরমুজে চলাচল নিষিদ্ধ
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা তিনটি জাহাজ গতকাল শুক্রবার ফিরিয়ে দিয়েছে ইরান। এর মধ্যে দুটি জাহাজ চীনা কোম্পানির মালিকানাধীন। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে এদিন নতুন এক ঘোষণাও দিয়েছে আইআরজিসি। তাদের নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়, জায়নবাদী-মার্কিন শত্রুদের মিত্র ও সমর্থকদের মালিকানাধীন যে কোনো বন্দর থেকে আসা বা সেই বন্দরগামী যে কোনো জাহাজের চলাচল– তা যে কোনো গন্তব্যেই হোক না কেন, পুরোপুরি নিষিদ্ধ।

এ পদক্ষেপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচলের সক্ষমতা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। এনার্জি মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের ডেটা অ্যানালিস্ট রেবেকা গার্ডেস এক বিবৃতিতে বলেছেন, এই নতুন পরিস্থিতি নির্দেশ করছে– অস্থিরতা এখনও কাটেনি। 
গতকাল চীনের কোম্পানি কস্কোর দুটি কনটেইনার জাহাজ প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে কেপলার। কিন্তু শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই জাহাজ দুটি পারস্য উপসাগরে আটকা পড়ে ছিল। তৃতীয় জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা জানা যায়নি।

ইরানের কোম ও কেরমানশাহ প্রদেশে হামলায় নিহত ৩১
ইরানের কোম শহরের আবাসিক এলাকায় গত বৃহস্পতিবার রাতে চালানো ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। কোম শহরের পার্দিসান এলাকার আবাসিক ভবনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম। অন্যদিকে, কেরমানশাহ প্রদেশের আরেকটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দেশটির মেহের বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশুসহ ও চার নারী রয়েছেন, যাদের একজন অন্তঃসত্ত্বা ছিলেন।
 
ইয়াজদে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা
ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় ব্যবহৃত প্রধান অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিকে হামলার তথ্য নিশ্চিত করে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ওই স্থাপনায় হামলার ফলে কোনো তেজস্ক্রিয় পদার্থের লিকেজ বা ক্ষতি হয়নি।

হামলা আরও জোরদার করা হবে– হুমকি ইসরায়েলের
ইরানে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন তিনি। টাইমস অব ইসরায়েল জানায়, প্রতিরক্ষামন্ত্রী কাৎজ সামরিক কর্মকর্তাদের বলেছেন, ইরানে এমন লক্ষ্যবস্তুর ওপর আঘাত করা হবে, যা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের হামলা পরিচালনায় সহায়ক।

শত্রু জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করা ‘বৈধ পদক্ষেপ’– বললেন আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করা ‘বৈধ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া এক ভিডিও ভাষণে আরাঘচি জানান, ইরানের দক্ষিণ মিনাবের শাজারে তাইয়েবে একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলায় অন্তত ১৭৫ জন নিহত হওয়ার ঘটনাটি যুক্তরাষ্ট্রের একটি ‘পরিকল্পিত’ হামলা ছিল। প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ‘ঠান্ডা মাথায় হত্যা’ করার এ হামলার জন্য মার্কিন বাহিনীর তীব্র সমালোচনা করেন তিনি। আরাঘচি জানান, এ ধরনের হামলার জবাবে ইরান নিজেদের রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে।

রাশিয়ার আহ্বানে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক 
ইরান পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় একটি রুদ্ধদ্বার বৈঠকের সূচি নির্ধারণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাশিয়া এ বৈঠকের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের দুজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানে বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য এ সভা ডাকা হয়েছে। 

যুদ্ধে লেবাননে নিহত বেড়ে ১ হাজার ১১৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ১১৬ জনে পৌঁছেছে। গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বিপর্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা দপ্তরের বরাত দিয়ে বলেছে, এক হাজার ১১৬ জন নিহত হওয়ার পাশাপাশি দেশটিতে আহত হয়েছেন আরও তিন হাজার ২২৯ জন। চলমান যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন এক লাখ ৩৬ হাজার ২৬২ জন।

চলমান হামলায় ইরানে ‘রেজিম চেঞ্জ’ সম্ভব নয় : ফ্রেডরিখ মার্জ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ‘শাসন পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) সম্ভব নয় বলে মনে করেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। ফ্রাঙ্কফুর্টে এফএজেড পত্রিকা আয়োজিত এক ফোরামে তিনি বলেন, এক মাস ধরে চলা এই যুদ্ধে ‘রেজিম চেঞ্জ’ আদৌ লক্ষ্য কিনা, তা নিয়েই প্রশ্ন রয়েছে। যদি সেটাই লক্ষ্য হয়, তবে তা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই যুদ্ধকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ‘ভয়াবহ ভুল’ বলে মন্তব্য করেন।

পড়ুন:নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

দেখুন:ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন