আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি ও ইসরায়েলের মধ্যকার ম্যাচটি চরম নিরাপত্তা উদ্বেগের মুখে পড়েছে। গাজা যুদ্ধের কারণে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সংখ্যা স্টেডিয়ামের টিকিটধারী দর্শকের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ম্যাচ বাতিলের দাবি উঠেছে, যদিও ইতালি কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে রাজি নয়।
আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) উদিনেসের স্টাডিও ফ্রুলিতে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। ইতালির কোচ জেনারো গাত্তুসো মঙ্গলবার (৭ অক্টোবর) পরিস্থিতি স্বীকার করে বলেন,‘পরিবেশটা শান্ত থাকবে না। স্টেডিয়ামের বাইরে প্রায় ১০ হাজার মানুষ থাকবে, আর ভেতরে থাকবে ৫-৬ হাজার।’
সোমবার পর্যন্ত এই ম্যাচের জন্য মাত্র ৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। গত সপ্তাহেই ইতালির ফ্লোরেন্সের ট্রেনিং সেন্টারের গেটে বিক্ষোভকারীরা জড়ো হয়ে গাজায় যুদ্ধের কারণে ম্যাচটি বাতিলের দাবি জানিয়েছিলেন।
গাজা যুদ্ধের কারণে উয়েফা ইসরায়েলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা ভাবছিল এবং উদিনেসের মেয়র আলবার্তো ফেলিস ডি টনি ম্যাচটি স্থগিত করার আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া এড়াতে মরিয়া ইতালি ম্যাচটি না খেলার ঝুঁকি নিতে রাজি নয়।
কোচ গাত্তুসো স্পষ্ট করে দিয়েছেন,‘আমাদের এই ম্যাচটি খেলতেই হবে। কারণ আমরা যদি না খেলি, তাহলে ৩-০ গোলে হেরে যাব।’ তিনি জানান, ইতালীয় ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন।
ইতালির কোচ গাত্তুসো নিজেও গাজায় ইসরায়েলি বাহিনীর কার্যকলাপ নিয়ে মর্মাহত। তিনি বলেন,‘নিরীহ মানুষ ও শিশুদের সঙ্গে যা ঘটছে তা দেখা খুবই মর্মান্তিক। এটা হৃদয়ে আঘাত করে।’
গুরুত্বপূর্ণ এই ম্যাচে জেতা ইতালির জন্য অত্যন্ত জরুরি। গ্রুপ পর্বে তারা ও ইসরায়েল উভয় দলই গ্রুপ লিডার নরওয়ের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে। গ্রুপ থেকে শুধুমাত্র প্রথম স্থান অর্জনকারী দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে খেলতে হবে প্লে-অফ, যে পর্বে হেরেই ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ইতালি।
গাত্তুসো বলেন,‘যেহেতু আমরা বিশ্বকাপে খেলার জন্য নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি, তাই আমি ঘরের মাঠে সমর্থকদের সেই উদ্দীপনার মধ্যে খেলতে পারলে বেশি খুশি হতাম, যা আমরা এক মাস আগে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে দেখেছিলাম।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

