মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।
তিনি বলেন, “একটি কুচক্রী মহল দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। জনগণকে সচেতন থাকতে হবে, যাতে কোনো অপশক্তি দেশের ১৮ কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে।”
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পক্ষে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ ও পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে পৃথক আরেকটি বিজয় মিছিল শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন এএসএম আব্দুল হালিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন: নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
আর/


