জামালপুরের ইসলামপুরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করণে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষীপুর চর পাড়ায় অবস্থিত লক্ষীপুর জাহানারা জুলফিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম এবং উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা জুলফিকার রহমান সাঈদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন আর রশিদ, যিনি বলেন—শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হলে অভিভাবকদের আরও দায়িত্ববান হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জমিদাতা ফয়জুর হক প্রামানিক, সমাজসেবক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামিউল হক লাভলু, সাবেক মেম্বার রেজাউল করিম, ডিগ্রীর চর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফ উদ্দিন, বাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, অভিভাবক আফসার আলী, নাছির উদ্দিন, ফরিদ উদ্দিন ও কালু শেখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গুণগত শিক্ষা অর্জনের জন্য শুধু শিক্ষক নয়, অভিভাবক ও সমাজসেবকদেরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়—দুটোরই সমান ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এক পরিবেশের সৃষ্টি হয়।
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারত-পাকিস্তানের যে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই
ইম/


