পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মার্কেট, শপিং মল ও জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে কেনাকাটায় ক্রেতাদের ব্যাপক ভিড়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে মোবাইল টহল ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা।
নিরাপত্তার অংশ হিসেবে সাদা পোশাকে পুলিশ সদস্যদের মাধ্যমে গোপন নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মনিটরিং জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেতা ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, জনসাধারণের সহযোগিতা থাকলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করা সম্ভব হবে।
পড়ুন- ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও


