সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের দিনে ধানক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সোহেল রানা (২৪) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) রাত প্রায় পৌনে ৮টার দিকে সোহেলের মোবাইল ফোনে একাধিক কল আসে। এ সময় বাড়ি থেকে বের হতে চাইলে তার মা বাধা দিলেও পরে স্থানীয় কয়েকজন যুবক “ঈদ বোনাস” দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং সে আর বাড়ি ফেরেনি।
পরদিন ঈদুল ফিতর-এর দিন (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মুরুটিয়া ও চিনাধুকুরিয়া গ্রামের মাঝামাঝি একটি ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সোহেল রানার বলে শনাক্ত করেন।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তিসহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে অভিযুক্ত পক্ষের পরিবারের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩


