আজ ঈদের পঞ্চম দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। দীর্ঘ ছুটি শেষে সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের সংখ্যা বেড়েছে।
আজ শনিবার (৫ এপ্রিল) সদরঘাট এলাকা ছিল জনাকীর্ণ।
ঈদের ৯ দিনের ছুটি আজ শেষ হচ্ছে। এবং রবিবার প্রথম কর্মদিবস হিসেবে রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, কিছু মানুষ এখনও গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছে। তবে, রাজধানী বর্তমানে অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত।
সদরঘাট এবং বাংলাদেশ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় পৌঁছেছে। এসব লঞ্চ যাত্রী নামিয়ে দ্রুত টার্মিনাল ছেড়ে চলে গেছে।
বিআইডব্লিটিএ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে শতাধিক লঞ্চ নিয়মিত চলাচল করছে। বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা অনুযায়ী চলাচল করে, তবে সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে।
এনএ/


