সম্প্রতি গাজীপুর পূবাইলের স্বপ্নের ঠিকানা শুটিং হাউজে টানা চারদিনের শুটিং এর মধ্যে দিয়ে আসন্ন ঈদ উপলক্ষ্যে নির্মাতা নাজনীন হাসান খান শেষ করলেন সাত পর্বের ধারাবাহিক টিভি নাটক ‘গণক’। অভিনেতা আ খ ম হাসান এবং অভিনেত্রী মৌসুমী হামিদকে কেন্দ্রীয় চরিত্র রেখে নির্মিত নাটকটি হাস্য প্রহসনের মধ্যে দিয়ে সমাজের অসংগতি চিহ্নিত করে সংশোধনের বার্তা ঘোষিত হয়েছে।
গণক নাটকটির কেন্দ্রীয় চরিত্রে এক স্বামী যে ঘটনা চক্রে এক স্বর্ণকারের চৌর্য্যবৃত্তি গণনা করে বলতে পারায় চোর সনাক্ত হয় এবং সমাজে একজন স্বনামধন্য গণক হিসাবে প্রতিষ্ঠা পায়। দিনে দিনে তার সুনাম ছড়িয়ে পড়ে এবং লোকের চাহিদার কারণে তার আয় প্রতিপত্তি বেড়ে চলে। স্ত্রী বোঝে এটা নেহাতই কাকতালীয় ঘটনা। মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা অট্টালিকার অস্তিত্ব মুহুর্তের অপেক্ষামাত্র। সামান্য ঝড় বাতাসে সে অট্টালিকা ভেঙে পড়বেই। ফলে সেই বিভীষিকাময় পরিস্থিতি যাতে না আসে সে জন্যে লোকসত্য আর বাস্তবসত্যর বিভেদের দেওয়ালের মাঝে এসে পরিত্রাতা হয়ে এসে দাঁড়ায় তার স্ত্রী। স্ত্রী কি পারবে স্বামীর সুরক্ষা দিতে এ নিয়েই নাটক গণক।

গণক নাটকে আ খ ম হাসান, মৌসুমী হামিদ ছাড়াও আরও অভিনয় করেছেন আশরাফুল আশীষ, সুজাত শিমুল, মাসুদ মহী উদ্দীন, সাইকা সহ আরো অনেকে। রাজীব মনি দাশ রচিত নাজনীন হাসান খান নির্মিত নাটকটির নির্মাতা সহযোগী মীর শওকত, চিত্র গ্রহণে সুজন মাহমুদ ও ফয়সাল মাসুদ।
নির্মাতা নাজনীন হাসান খান নির্মিত বিগত টিভি নাটক ও টেলিফিল্মের মধ্যে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে বিশিষ্ট চিন্তাবিদ, দারোগা বউ জামাই আসামী, ভেজাল কাদের, আলো আন্ধার, মায়ের ইচ্ছা, নীল শুভ্র সহ আরো অনেক নাটক। গণক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা নাজনীন হাসান খান বলেন, পরিবার হলো সব থেকে বড় পাঠশালা।পথভ্রষ্ট মানুষকে ও যে পরিবার রাজপথে ফিরিয়ে আনতে পারে সে নিয়েই গণক নাটকটি। ঈদের আনন্দকে সবার সাথে মিশে আরেকটু বাড়িয়ে নিতে বৃষ্টিকে উপেক্ষা করেই এইটানা শ্যুট। আশা করছি নাটক গণক দর্শকশ্রোতাকে হাসাবে এবং ভাবাবে।
পড়ুন : ঈদে আসছে ‘ধামাল ৪’


