পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌ পথে ঘরমুখো মানুষের সার্বিক নিরাপত্তায় ভোলায় লঞ্চ ও ফেরীঘাট গুলোতে বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। সোমবার সকাল থেকে দীর্ঘ সময় ধরে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে এ অভিযান পরিচালনা করেন এ বাহিনীর সদস্যরা।
পরে কোস্ট গার্ড দক্ষিণ জোন স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ মুহাম্মদ সাদমান ইউসুফ এক প্রেস ব্রিফিংয়ে জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলাসহ দেশের দক্ষিনাঞ্চলের অন্যান্য জেলার গুরুত্বপূর্ণ লঞ্চ ও ফেরীঘাট সমূহে জননিরাপত্তার লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি বা নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।
পড়ুন: ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৬ কোটি টাকার ইয়াবা
দেখুন: ভোলা শহর রক্ষা বাঁধে একের পর এক ধস, আতঙ্কে এলাকাবাসী
এস


