পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। বুধবার (২ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন জেলার বাসগুলো যাত্রী নিয়ে মহাখালী আন্তঃজেলা টার্মিনালে আসছে। তবে বাসগুলোতে যাত্রীদের চাপ তেমন ছিল না।
পরিবহন মালিক-শ্রমিকদের ভাষ্য, এবার ঈদে টানা নয়দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আবার বেসরকারি চাকরিজীবীদের অনেকে গড়ে চারদিন ছুটি পেয়েছেন। তারা আগামী শুক্রবার (৪ এপ্রিল) থেকে ঢাকায় ফেরা শুরু করবেন। এরমধ্যে যাদের ছুটি আরও কম, তারা আজ থেকেই ঢাকায় আসছেন। তাদের যাতায়াতে যানজটসহ অন্য কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।
গত সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে গতকাল (১ এপ্রিল) পর্যন্ত মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদেরই চাপ ছিল। আজ টার্মিনালটিতে ঘরমুখো মানুষের চেয়ে ঢাকায় ফেরার যাত্রী বেশি দেখা গেছে।
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া রুটে যাত্রীরা যাতায়াত করেন।
বুধবার (২ মার্চ) সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বাসে মহাখালী টার্মিনাল তথা ঢাকায় ফিরছেন লোকজন। অনেকে আবার পরিবার ছাড়াই ঢাকায় ফিরছেন। এসব যাত্রীদের অধিকাংশই বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে বলে জানা গেছে।
পড়ুন : ঈদের সকালেও ঘরে ফিরছে মানুষ


