পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আজ মঙ্গলবার নিজ বাসভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে প্রায় ১৬ হাজার গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে, যাতে নিম্নআয়ের মানুষজন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।
এছাড়াও নগরবাসীর জন্য বিশেষ উদ্যোগের ঘোষণা দেন প্রশাসক শওকত হোসেন সরকার। তিনি বলেন, পবিত্র ঈদের আগের দিন ৩০টি বড় গরু জবাই করা হবে। এসব গরুর মাংস শুধুমাত্র গরিব মানুষের জন্য স্বল্পমূল্যে প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি করা হবে।
তিনি আরও জানান, এই কার্যক্রম গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা ন্যায্যমূল্যে মাংস ক্রয় করতে পারেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, এমন মানবিক কার্যক্রম ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটাবে।
পড়ুন:পহেলা বৈশাখ ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেবে সরকার
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


