ঐতিহ্যবাহী শেরপুর সরকারী কলেজ কেন্দ্রের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সরকারী কলেজ শাখার পক্ষ থেকে সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের প্রধান ফটকের পাশে ওই মানবিক সহায়তা কেন্দ্র চালু করেন।
এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া, পরীক্ষার্থীদের কলম ও খাবার পানি, স্যালাইন ও ঔষধ সরবরাহ করা হয়। এছাড়াও তীব্র গরমে অভিভাবকদের অস্থায়ী ছাউনির মাধ্যে বিশ্রামের ব্যবস্থা করা হয়। পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করে সংগঠনটির সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, শেরপুর সরকারি কলেজের সামনে অস্থায়ী ছাউনির নিচে বসে আছে একদল তরুণ। অপর পাশে চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছেন অভিভাবকরা। ছাত্রদলের সদস্যরা কিছুক্ষণ পর পর খাবার পানি সরবরাহ করছেন। আবার কেউ সরবরাহ করছেন হাতপাখা। এছাড়াও যানবাহন না পাওয়ার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোন শিক্ষার্থী অসুবিধায় পড়লে ছাত্রদল কর্মীরা দ্রুততার সাথে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। ছাত্রদলের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।
এসময় পরীক্ষার্থী সৈবাল চৌধুরী বলেন, এর আগে এসএসসি পরীক্ষা দেয়ার সময় এমন উদ্যোগ দেখিনি। ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ দেখে আমার খুব ভালো লাগছে। আশাকরি ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে ছাত্রদলের নেতাকর্মীরা।
অভিভাবক সুমনা আক্তার বলেন, পরীক্ষা কেন্দ্রের বাইরে তীব্র গরমে দাঁড়িয়ে থাকা কষ্টকর। কিন্তু এইবার ছাত্রদলের পক্ষ থেকে ছাউনি দেয়ায় রোদ লাগছেনা। তাই কষ্ট অনেকটাই কমে গেছে। ছেলেরা পানি সহ আমাদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।
এ ব্যাপারে শেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ‘আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার উদ্দেশ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এছাড়া শিক্ষার্থীদের যেকোনো কাজ ও সহযোগিতায় কলেজ শাখার সদস্যরা সর্বদায় প্রস্তুত আছি এবং থাকবো ইনশাআল্লাহ।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

