রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৭ জন এবং আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
জানা গেছে, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল চত্বরের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে যায় ভবনের বিভিন্ন অংশ এবং হতাহতের ঘটনা ঘটে। বিমানবাহিনী সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ চলাকালীন সময় যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। তদন্তের জন্য ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
ঘটনার পরপরই অন্তর্বর্তীকালীন সরকার আজকের (মঙ্গলবার) দিনটি রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নিহতদের সম্মানে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দিনাজপুরেও কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও এক মিনিট নিরবতা পালনের আয়োজন করা হয়েছে। দিনাজপুর প্রেসক্লাব, জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে শোক কর্মসূচি পালিত হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন: মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের ছাত্র রাঙামাটির উক্যচিং মারমা
দেখুন:
ইম/


