চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যমুনার মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখছে।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার জামজামি ইউনিয়নের যমুনার মাঠে একটি ক্যানেলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জামজামি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা লাল মোহাম্মদ ওরফে লালু গরু নিয়ে বাড়ি ফেরার পথে ক্যানেলের ধারে মরদেহটি দেখতে পান। আতঙ্কে তিনি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে কাউকে কিছু জানাননি। পরে বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ক্যাম্পে খবর দেয়।
আরিফুল ইসলাম আরও বলেন, মরদেহটি অন্তত ৩-৪ দিন আগের হতে পারে। এতে পচন ধরেছে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ব্যক্তির পুরুষাঙ্গসহ হাত-পায়ের নখ নেই। ধারণা করা হচ্ছে, বন্যপ্রাণীর খাওয়ার কারণে এমনটা হয়েছে। তবে পাষবিক নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পিবিআই ও সিআইডি যৌথভাবে কাজ করছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছি।
এনএ/


