মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমসেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী কালীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রম করার পরপরই লোকোমোটিভ ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। এ সময় চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি ঘটনাস্থলেই আটকা পড়ে।
ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ জানান, ইঞ্জিন থেকে মবিল চুইয়ে পড়ে আগুনের সূত্রপাত হয়। এতে লোকোমোটিভটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। ফলে লাইনের ওপর ট্রেনটি আটকে থাকায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছে। বিকল্প ইঞ্জিন পৌঁছানোর পর আটকে পড়া ট্রেনটি সরিয়ে নেওয়া হবে এবং এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
পড়ুন: দুবাইয়ে তেলবোঝাই কুয়েতি ট্যাংকারে ভয়াবহ হামলা
আর/


