ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করায় ভোটারদের ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক জানান, সকাল থেকে আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, পটিয়া ও কর্ণফুলীসহ বিভিন্ন উপজেলার একাধিক কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁকে অভিভূত করেছে বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ভোটারদের সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘যাঁদের কেন্দ্র করে আমাদের সব আয়োজন, সেই সম্মানিত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসেছেন। রিটার্নিং কর্মকর্তা হিসেবে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
তিনি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি—বাংলাদেশের পক্ষেও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।’ তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, নিরাপদ ও উন্নত পরিবেশে ভবিষ্যৎ প্রজন্মকে বড় করে তোলাই সবার লক্ষ্য। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব বিভাগ একযোগে কাজ করেছে। সংশ্লিষ্ট সকলের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।
এর আগে জেলা প্রশাসক বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও কর্ণফুলীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি চন্দনাইশের দোহাজারী জামিরজুরি আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়, পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়, সাতকানিয়ার উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরী উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কৃষি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) মোস্তাক আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই গণতন্ত্রের শক্তি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
পড়ুন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
আর/


