গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে আবাসন প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ নিয়ে সংশয় থাকায় অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২৭ জুলাই) একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প তত্ত্বাবধান করা হবে।
এ প্রকল্পের আওতায় জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ৮০৪ ফ্ল্যাট নির্মাণ করার কথা রয়েছে।
এ সময় গাজীপুর-এয়ারপোর্ট র্যাপিড বাস ট্রানজিট একটি অপরিকল্পিত ও দানবীয় আকারের মেগা প্রজেক্ট বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা।
তিনি বলেন, দেশি ও বিদেশি নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও বিদেশি পরামর্শকদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
রোববার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। ওই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পটি। এ ছাড়া আরও ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

